টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার পর এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছোট মনির অভিযোগ করেন, টাঙ্গাইলের একটি স্বার্থান্বেষী মহল মাদকাসক্ত এক কিশোরীকে ব্যবহার করে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা সাজিয়েছে। মামলার পর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ছাড়া মামলায় ধর্ষণের যে দিন তারিখ উল্লেখ করা হয়েছে তার সাড়ে তিনমাস আগে ওই কিশোরী অন্তসত্বা হয়েছে বলে ডাক্তারি পরীক্ষায় জানা গেছে।
ছোট মনিরের অভিযোগ, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার পর টাঙ্গাইলের একটি চিহ্নিত সন্ত্রাসী পরিবার টাঙ্গাইল থেকে বিতাড়িত হয়েছে। তারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে ভুয়াপুর-গোপলপুর থেকে দলের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে একটি পরিবার আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারাও বড় মনিরের বিরুদ্ধে করা মামলার নেপথ্যে রয়েছে।
