দুর্নীতি মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ তিনজনকে ২০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা অর্থদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ অর্থদন্ডের এ রায় দেন।
বাবুল চিশতিকে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম শামীমকে ৫ লাখ ৬০ হাজার ২০২ টাকা এবং সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি শাহ আজমকে ৫ লাখ ৭৪ হাজার ২৬৮ টাকা অর্থদ- দেওয়া হয়। এই অর্থ আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। ব্যর্থতায় দণ্ডিত প্রত্যেকের কাছ থেকে অর্থ আদায় করার ব্যবস্থা করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
রায় ঘোষণার আগে বাবুল চিশতি ও কে এম শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে পরে তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি শাহ আজম জামিনে আছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিজনেস মিটিংয়ের নামে ২০১৭ সালের ১৯ থেকে ২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণভাতা বাবদ ফারমার্স ব্যাংকের ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাৎ করেন বাবুল চিশতি। এ অভিযোগে ২০১৮ সালের ৮ আগস্ট গুলশান থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সহিদুর রহমান। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন দুদকের একই কর্মকর্তা। ২০২০ সালের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অন্যদিকে বাবুল চিশতির পক্ষে একজন সাফাই সাক্ষী দেন।
