ফেনীর সোনাগাজীতে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই লোডশেডিংয়ের জন্য পল্লীবিদ্যুৎ সমিতিকে দায়ী করে তাদের অফিসে হামলার জন্য উসকানি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে একাধিক ব্যক্তি। আর এরই মধ্যে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পর সোনাগাজীতেও বিদ্যুৎ অফিসে হামলার শঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই হামলা রোধে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি উপজেলার পল্লীবিদ্যুতের কয়েকটি কেন্দ্রে বাড়তি সতর্কতা হিসেবে রাতভর পাহারা দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ছাড়া পল্লীবিদ্যুতের জোনাল অফিস, সাব-অফিসসহ স্থাপনাগুলোতে হামলার মতো ঘটনায় না জড়াতে ক্ষুব্ধ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিদ্যুৎ অফিসে ছাত্রলীগ নেতাকর্মীদের পাহারার সার্বিক তদারকি করেছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঞা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘লোডশেডিং সাময়িক সমস্যা। আশা করি এ সমস্যা দ্রুত কেটে যাবে। কিন্তু লোডশেডিংকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সে জন্য পল্লীবিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিস, মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী সাব-জোনাল অফিস, বগাদানায় কুটির হাট সাব-জোনাল অফিস (অভিযোগ কেন্দ্র), চরদরবেশের কাজীরহাট সাব-জোনাল অফিস, মঙ্গলকান্দির ডাকবাংলা সাব-স্টেশনে পাহারা দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।’
সোনাগাজী পল্লীবিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে উপজেলায় দিনে ১৭ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ৭ থেকে সাড়ে ৭ মেগাওয়াট। যার কারণে পালাক্রমে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিয়ে ঘাটতি মোকাবিলা করতে হচ্ছে।
সার্বিক বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী সনত কুমার ঘোষ বলেন, ‘জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে, তাই আমরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। গ্রাহকরা না বুঝে আমাদের দোষারোপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে। লোডশেডিংয়ের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, ‘লোডশেডিংকে কেন্দ্র করে ছাগলনাইয়া ও ফুলগাজী পল্লীবিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পরপর উপজেলার বিদ্যুৎকেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে অবস্থান করে পাহারা দিচ্ছেন। সরকারি সম্পত্তি বিনষ্ট করলে তো দেশের ক্ষতি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
