চালককে ছুরি মেরে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক চালককে পিঠে ছুরি মেরে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর শহরের পাটোয়ারিপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক আলম ম-লকে (২৪) ছুরিবিদ্ধ অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পিঠ থেকে ছুরি বের করতে না পারায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আলম ম-ল সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারিপাড়ার মৃত আমিনুল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনভর ইজিবাইক চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন আলম। এ সময় পাটোয়ারিপাড়ায় যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুজন তার ইজিবাইকে ওঠেন। পরে মকবুল হোসেন কলেজের সামনে পৌঁছলে ওই দুইযাত্রী আলম ম-লের পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এক সময় ছুরিটি পিঠে বসিয়ে ইজিবাইকটি নিয়ে নেন তারা। তবে আলম ম-লের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এলে ছিনতাইকারীরা ইজিবাইক রেখে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত