গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল সোমবার পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সময় পর্যন্ত ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত মোট ৪১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে রয়েছেন ১০ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আজমতউল্লা খান, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ম-ল, সরকার শাহনুর ইসলাম, রাজু আহমেদ, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোখলেছুর রহমান।
তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ম-ল আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সাবেক সদস্য। তিনি ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বিগত দুটি নির্বাচনেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
