পাঞ্জাব কিংসের বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন লখনউ সুপার জায়ান্টসের ব্যাটাররা। শুরুটা করেছিলেন কাইল মেয়ার্স, শেষ করলেন নিকোলাস পুরান। মাঝে ঝড় তুললেন মার্কাস স্টয়নিস। এই তিন ব্যাটারের দাপটে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ল লখনউ।
মোহালিতে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৭ রানের পুঁজি গড়ে লখনউ। আইপিএলের ইতিহাসে এরচেয়ে বেশি সংগ্রহ আছে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালের আসরে পুনে ওয়ারির্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ গড়েছিল বেঙ্গালুরু।
লোকেশ রাহুল ৯ বলে ১২ রানে আউট হলেও আরেক ওপেনার কাইল মেয়ার্স ২৪ বলে ৫৪ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। তিন নম্বরে নেমে আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩ রান করেন। চারে নামা স্টয়নিস করেন সর্বোচ্চ ৭২ রান। ৪০ বলে ৬ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
পাঁচে নেমে পুরান অপরাজিত ১৯ বলে ৪৫ রান করেন। সুবাদে ৫ উইকেটে ২৫৭ রান তুলে লখনউ।
রাহুল চাহার ছাড়া পাঞ্জাবের কোনো বোলার ওভার প্রতি ১০ রানের কম রান দিতে পারেননি। সর্বোচ্চ ২ উইকেটে নিতে কাগিসো রাবাদা ৫২ রান খরচ করেন।
আইপিএলে এত দিন সর্বাধিক রানের রেকর্ড যেমন বেঙ্গালুরুর ছিল, তেমনই দ্বিতীয় স্থানেও ছিল তারাই। কিন্তু এদিন সেই জায়গা হাতছাড়া হল তাদের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব থেকে বেশি রানের রেকর্ড আফগানিস্তানের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭৮ রান করেছিল তারা।
