অধিনায়ক শাহরিয়ার সাকিব খেললেন দায়িত্বশীল এক ইনিংস। ২৩৫ বল ক্রিজে থেকে ১০৬ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। কিন্তু তাতে শেষ রক্ষাটা হয়নি। দলকে জেতাতে পারেননি তিনি।
সর্বনাশ যা হবার তা হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে টাইগার যুবারা অলআউট হয় ১৪৯ রানেই। অন্যদিকে প্রথম ইনিংসে শাহজাইব খানের অনবদ্য ১৭৪ রানে ভর করে ৪২০ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান যুবারা।
২৭১ রানের বোঝা মাথায় নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে এই ইনিংসে ফিরে আসার বার্তা দেয় ব্যাটাররা। তবে তা যথেষ্ট হয়নি। অধিনায়ক শাহরিয়ার সাকিবের ২৩৫ বলে ১৪ চারে ১০৬ রানের ইনিংসে ২৯২ এর বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭৯ রান করেন ওপেনার আশিকুর রহমান শিবলিও। এছাড়া আর কেউ ৩০ ছুঁতে না পারলে কেবল ২২ রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে শাহরিয়ার সাকিবের দল।
যা ৬.৩ ওভারেই কোন উইকেট না হারিয়ে তুলে ফেলে সফরকারীরা। ব্যাট হাতে ১৭৪ রানের ইনিংস খেলা শাহজাইব খান হন ম্যাচসেরা।
আগামী ৬ মে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফরে একমাত্র টি-টোয়েন্টি টি মাঠে গড়াবে ১৭ মে।
