সুদান সংঘাত নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভা হয়েছে। সভায় সুদানে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল বুধবার সৌদি আরবের সভাপতিত্বে ওআইসির নির্বাহী কমিটির এ জরুরি সভার আয়োজন করা হয়। জেদ্দায় সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর (আরএসএফ) প্রতি সংঘাত বন্ধের এ আহ্বান জানায় বাংলাদেশ।
সভার শুরুতেই ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা সুদান পরিস্থিতি সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
