হাঁসের মড়কে দিশেহারা পার্বতীপুরের খামারিরা

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:০৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক আকারে হাঁসের মড়ক দেখা দিয়েছে। গত তিনদিনের মড়কে শতাধিক হাঁস হারিয়ে এখন দিশেহারা উপজেলার চ-িপুর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের গৃহবধূ সাবিনা বেগম (৩২)সহ খামারিরা।

ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে সহযোগিতা ও পরামর্শের জন্য পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গেলে ওই দপ্তরের ভ্যাটেনারি সার্জন ডা. আতিকুর রহমান বলেন, এটা ডাক প্লেগ রোগ, হাসপাতালে কোনো ওষুধ নেই। ‘প্রেসক্রিশন’ করে দিচ্ছি বাজার থেকে ওষুধ কিনে হাঁস খাওয়ান, এতে হাঁসের মড়ক কমে যাবে।

গ্রামের আলম, জুলফিকার আলী ও সালামও কয়েকশ হাঁসের ছানা কিনেছিলেন লাভের আশায়। কিন্তু শেষ ছানাটিকেও বাঁচাতে পারবেন কি না না এ সংশয়ে এখন তাদের মুখ ভার।

এ চিত্র শুধু চন্ডিপুর ইউনিয়নের নয়। উপজেলার বিভিন্ন গ্রামের ছোট-বড় হাঁসের খামারিরা চিকিৎসাসেবা না পেয়ে চরম হতাশায় ভুগছেন।

তবে পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান বলেন, ‘ডাক প্লেগ’ নামে ভাইরাসজনিত মড়কে আক্রান্ত হয়ে হাঁস মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ রোগের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। সময়মতো ভ্যাকসিন প্রয়োগ করলে এ মড়ক থেকে হাঁসকে রক্ষা করা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত