বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হার জ্যোতিদের

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৫৪ এএম

নারী ক্রিকেটাররা ওয়ানডে খেলতেই পারছিল না বৃষ্টির কারণে। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ দুই ম্যাচের পর শ্রীলঙ্কার সঙ্গে প্রথম দুই ম্যাচই হয়ে যায় পন্ড। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বলে দ্বিতীয় ওয়ানডে নতুন করে আয়োজন করা হলে সেটিও হয়েছে ৩০ ওভারের। গতকাল কলম্বোতে বাংলাদেশ সে ম্যাচে ৫৮ রানে হেরে গেছে।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে চামারি আতাপাত্তুর ফিফটি ও হার্শিথা সামারাবিক্রমার অপরাজিত ৪৫ রানে ভর করে ৩০ ওভারে ১৮৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। ওভারপিছু ৬ রানের বেশি করার লক্ষ্যে খেলতে নেমে ওশাদি রানাসিংহের অফ স্পিনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ব্যাটিং। ৩৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। বিশের ঘর পার করেছেন কেবল দুজন। অধিনায়ক নিগার সুলতানা করেন সর্বোচ্চ ৩৪। তার ৫১ বলের ইনিংসে ছিল ২ ছক্কা ও ১ চার। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া মুর্শিদা খাতুন ১৬ ও সোবহানা মোস্তারি করেন ১১ রান। লতা মন্ডল চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি। তার আগে বোলিংও করতে পারেননি তিনি।

এই মাঠেই রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত