নওগাঁ-বগুড়া-ঢাকা রুট

মালিক গ্রুপের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ ৪ দিন

আপডেট : ০৬ মে ২০২৩, ১১:২৪ পিএম

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ ও বগুড়া জেলা বাস মালিক গ্রুপের দ্বন্দ্বে নওগাঁ-বগুড়া রুটে সরাসরি বাস চলাচল গত ৩ মে থেকে বন্ধ রয়েছে। এই দ্বন্দ্ব নিরসনে আগামী ৯ মে মঙ্গলবার ঢাকায় রাজশাহী, নওগাঁ, ও বগুড়ার বাস মালিকদের নিয়ে বৈঠক করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

নওগাঁ ও বগুড়া বাস মালিক গ্রুপ সূত্রে জানা যায়, ঈদের আগে নওগাঁ-ঢাকা রুটে বরেন্দ্র এক্সপ্রেসের ব্যানারে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু করে নওগাঁ বাস মালিক গ্রুপ। এ বাস চলাকে কেন্দ্র করে নওগাঁ-বগুড়া রুটের বাস মালিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে গত ২ মে রাতে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস পরিবহনের একটি এসি বাস বগুড়ায় আটকে দেন বগুড়া বাস মালিক গ্রুপের লোকজন। এরপর ৩ মে বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মালিকানাধীন শাহ্ ফতেহ আলী পরিবহনের বাস নওগাঁ থেকে ঢাকা যাওয়া বন্ধ করে দেয় নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ।

ওই দিন থেকেই বগুড়া বাস মালিক গ্রুপ নওগাঁ থেকে ছেড়ে যাওয়া ঢাকা ও বিভিন্ন আন্তঃজেলা বাস বগুড়ার ওপর দিয়ে চলাচলে বাধা দেয়। পরে নওগাঁ থেকে বিকল্প পথে নওগাঁর রানীনগর, আত্রাই ও নাটোর হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো চলাচল করছে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, মালিক গ্রুপের দ্বন্দ্বে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। বগুড়ার যাত্রীরা অটোরিকশায় করে বগুড়ার সান্তাহারে যাচ্ছেন, সেখানে গিয়ে বগুড়া জেলার বাসে উঠছেন।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঈদের আগে নওগাঁ-ঢাকা রুটে বরেন্দ্র এক্সপ্রেসের ব্যানারে তিনটি এসি বাস চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। গত ২ মে রাতে হঠাৎ বগুড়ার চারমাথায় বরেন্দ্র এক্সপ্রেসের একটি এসি বাস আটকে দেন বগুড়া বাস মালিক গ্রুপের লোকজন। এরপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে পারবে না। কিন্তু বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মালিকানাধীন শাহ্ ফতেহ আলীসহ অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকায় যায়। আমাদের বাস আটকে দেওয়ার কারণে আমরাও তাদের একটি বাস আটকে দিয়েছি। বগুড়া হয়ে ঢাকায় বাস চলাচল স্বাভাবিক করতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী ৯ মে মঙ্গলবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বাস মালিক গ্রুপকে নিয়ে বৈঠক ডেকেছেন।

বগুড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বছরখানেক আগে আমরা নওগাঁ-কুয়াকাটা পথে একটি এসি বাস চালু করতে চাইলে নওগাঁ বাস মালিক গ্রুপ তা চালাতে দেয়নি। সম্প্রতি নওগাঁ বাস মালিক গ্রুপ নওগাঁ-ঢাকা রুটে এসি বাস চালু করলে আমরা তা বন্ধ করে দিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত