ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম (৩৯) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘আমাদের হাসপাতাল’ নামের ওই হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার শামছুজ্জামান আসিফ তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ২ বছরের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। গ্রেপ্তার শরিফুল ইসলাম নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দনপুর আমতলা গ্রামের আমির শেখের ছেলে বলে দাবি করেছেন।
জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ঠাকুরগাঁওয়ের আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন শরিফুল। তিনি সাইনবোর্ড ও নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করেন।
