আদিবাসীদের সাংবিধানিক, মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, বিশ^ব্যাপী যেখানে সেøাগান উঠেছে কাউকে পেছনে ফেলে নয়, বরং সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেখানে সমতলের আদিবাসীদের পেছনে ফেলে, ভূমি থেকে উচ্ছেদ করে, শোষণ-নিপীড়ন করে নিম্নমধ্যম আয়ের দেশ নির্মাণ হবে না।
গতকাল শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদাফার্মে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর সঞ্চালনায় এ সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জের সাবেগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার আন্দোলনে নিহত শহীদ শ্যামল হেমব্রমের সন্তান সাগর হেমব্রম।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড মিহির ঘোষ বলেন, ব্রিটিশবিরোধী থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে আদিবাসীদের অবদান থাকলেও আজ ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। অথচ এসব আন্দোলনে অসংখ্য আদিবাসী জীবন দিয়েছেন। এরা তাদের জীবন দিয়ে এ দেশকে গড়তে চেয়েছেন। সমতল থেকে পাহাড় পর্যন্ত যত আদিবাসী রয়েছেন, তারা এই দেশটাকে ভালোবেসেছেন। এ দেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখে যাচ্ছেন।
