গত মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফর করে গেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজে টাইগাররা বেশ দাপটই দেখিয়েছে। এবার আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে মাঠে নামার অপেক্ষায় তামিম ইকবালরা।
বাংলাদেশ কি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামছে? সিরিজ শুরুর আগে এমন প্রশ্নে অধিনায়ক তামিম ইকবালের সরাসরি উত্তর, ‘ফেভারিট শব্দটা আমি ব্যবহার করতে চাই না।’
তার কথায়, ‘আমরা এখানে এসেছি ভালো খেলার জন্য, জেতার জন্য। কিন্তু ক্রিকেটে আগে থেকে কিছু বলা যাবে না। এই কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল, কারণ ওরা অভ্যস্ত। আর ওরাও তো ক্রিকেটটা খেলবে, একেবারে ছেড়ে দিবে না।’
সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে সেটা হতে পারেনি। এমনকি ইংল্যান্ডে যাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল।
এনিয়ে তামিম বলেন, ‘এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তো বা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারি নাই। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যতটুকু তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি যে মাঠে খেলব, কাল ওখানে যাব আমরা। আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।’
চেমসফোর্ডে ৯, ১২ এবং ১৪ মে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
