এসএসসি পরীক্ষা-২০২৩

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সর্বশেষ পরামর্শ

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:২৩ এএম

এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। কারণ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ একজন শিক্ষার্থীর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে তার এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর। তাই শেষ দিকের চূড়ান্ত প্রস্তুতি এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তোমাদের কিছু পরামর্শ দিতে চাই।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে অধিক নম্বর বা অ+ পাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই গভীরভাবে দৃষ্টি রাখতে হবে-

১. বোর্ড অনুমাদিত পাঠ্যবই ভালো করে পড়তে ও বুঝতে হবে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার প্রস্তুতির জন্য বোর্ড অনুমোদিত পাঠ্যবই পড়ার কোনো বিকল্প নেই।

২. জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত পাঠ্যবই থেকেই কমন পাবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের মূলভাব পাঠ্যবইয়ে আলোচ্য বিষয়বস্তুর ওপরই থাকবে, তবে উদ্দীপক ভালোভাবে পড়ে ও বুঝে এবং একটু চিন্তা-ভাবনা করে খাতায় উত্তর লিখবে।

৩. অধিক নম্বর প্রাপ্তির জন্য প্রশ্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্নগুলোর উত্তর তুমি নির্ভুলভাবে দিতে পারবে প্রথমেই সেই প্রশ্নগুলো নির্বাচন করবে। এরপর যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালো জানো সেটি দিয়ে পরীক্ষার খাতায় লেখা শুরু করবে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর করবে।

৪. পরীক্ষার প্রশ্নের উত্তর নির্ভুল ও প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য প্রশ্নে যা চাইবে তাই যথাযথভাবে লিখতে হবে।

৫. প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমরা প্রশ্নের মানবণ্টন ও সময়ের প্রতি লক্ষ রাখবে। একটি ১০ নম্বরের সৃজনশীল প্রশ্ন ২০ মিনিটের মধ্যে লেখা শেষ করার প্রচেষ্টা পরীক্ষার শুরু থেকে মাথায় রাখবে।

৬. সুন্দর হাতের লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তাই প্রশ্নের উত্তর স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষরে লেখার চেষ্টা করবে।

৭. অশুদ্ধ বানান খাতার প্রতি পরীক্ষকের অসন্তুষ্টি ও বিরক্তিবোধ সৃষ্টি করে। তাই শুদ্ধ বানান রীতির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

৮. সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বাক্য গঠন করবে। জটিল ও যৌগিক বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।

৯. নৈর্ব্যক্তিক অভীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বোর্ড অনুমোদিত পাঠ্যবই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে।

পরিশেষে সবার মঙ্গল ও সফলতা কামনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত