পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জামাত আলী (৭১) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে এক যুবক, ঝিনাইদহের কোটচাঁদপুরে এক শিক্ষার্থী ও কুমিল্লার হোমনায় এক শিক্ষক প্রাণ হারিয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
ঈশ্বরদী (পাবনা) : নিহত মুক্তিযোদ্ধা জামাত আলী উপজেলার চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়া প্রধান শিক্ষক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। গত শনিবার দুপুর ১টার দিকে মিরকামারী স্কুলে মুক্তিযুদ্ধবিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি চরমিরকামারীতে ফিরছিলেন। দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড়ে একটি বালুভর্তি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গতকাল সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাইড়পাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঢামেক : রাজধানীর কমলাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম পরিচয় জানা যায়নি। গতকাল বেলা ১১টার দিকে এক সিএনজি অটোরিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএনজি চালক মো. রাসেল জানান, কমলাপুর মোড় থেকে এক ট্রাফিক সার্জেন্ট আহত ব্যক্তিকে তার গাড়িতে উঠিয়ে দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তিকে দেখে ভবঘুরে প্রকৃতির মনে হচ্ছে। থানা পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে।
ঝিনাইদহ : কোটচাঁদপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল উপজেলার জগদাসপুর গ্রামের গোলাম মওলার ছেলে ও গুড়পাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মোটরসাইকেলে কোটচাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় সিএনজিচালিত অটোরিকশায় মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছেন স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন (৩৩)। গতকাল দুপুর ১টার দিকে হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের সিনাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক মাওলা হোসেন আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের মামা রফিকুল ইসলাম জানান, মাওলা হোসেন অটোরিকশায় গৌরীপুর থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
