ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই দেশে তাপপ্রবাহ

আপডেট : ১০ মে ২০২৩, ০৫:৫৮ এএম

বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে আরেক দফা তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এদিনই লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর আজ বুধবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলেছে, গতকাল নিম্নচাপে পরিণত হওয়ার পর আজ ঘূর্ণিঝড়ে রূপ পেতে পারে ওই ঘূর্ণিবায়ুর চক্র। প্রথমদিকে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও ১১ মে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিয়ে উত্তর-উত্তর পূর্বদিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

গতকাল লঘুচাপটি সম্পর্কে বলতে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, এখনো তা নিম্নচাপই হয়নি, তাই এ নিয়ে কিছু বলার সময় আসেনি। তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর গতি-প্রকৃতি নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশে দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়েছে। একই এলাকায় গত সোমবার মধ্যরাতে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এদিকে সাগরে যখন ঝড়ের জন্ম হচ্ছে, দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এপ্রিল ও মে মাস দেশের উষ্ণ মাস। এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বৃষ্টি হলেও গত দুদিন বৃষ্টি একেবারেই কম। এ ছাড়া লঘুচাপের কারণে সাগর থেকে হাওয়া আসছে না; বরং ভূপৃষ্ঠের হাওয়া সাগরের দিকে ছুটছে। এসব কারণেই গরম বেশি।

গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার ওপর দিয়ে তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আরও দুদিন এমন তাপপ্রবাহ থাকতে পারে। শনিবারের পর থেকে তাপমাত্রা কমতে পেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ২২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত