গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন রিটার্নিং অফিসারের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই জবাব পৌঁছে দেওয়া হয়।
জবাবে জায়েদা খাতুন বলেন, আচরণবিধি লঙ্ঘনের নোটিশে অবগত হয়েছি যে, আমার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে আমার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি, আমার ছবির সঙ্গে একত্রে ব্যবহার করা হয়েছে। উক্ত বিষয়ে আমি অত্র কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির পূর্ব পর্যন্ত অবগত ছিলাম না। প্রকৃত পক্ষে আমার নির্বাচনী পোস্টার, লিফলেট হ্যান্ডবিল প্রিন্টিং কারখানায় ছাপানো হচ্ছে। ইতিমধ্যে আমার অজ্ঞাতসারে অতি উৎসাহী ব্যক্তি, কোনো শুভাকাঙ্ক্ষী, স্বার্থান্বেষী ব্যক্তি না বুঝে না জেনে, ইচ্ছায়- অনিচ্ছায় আমার পোস্টার, হ্যান্ডবিল, লিফলেটে (সাবেক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে। তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাই তারা যেন উক্ত ছবি, পোস্টার, হ্যান্ডবিল দ্রুত উত্তোলন করে, সরিয়ে নেয়।
নোটিশের জবাবে আরো বলা হয়, উল্লেখিত বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আরো বেশি সতর্ক থেকে সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬-এর সব আচরণবিধি মেনে চলব। একই সঙ্গে আমি আরো ইচ্ছা প্রকাশ করছি যে, আমার নির্বাচনী প্রচারে যদি কেউ আমার অজান্তে নির্বাচনী আচরণবিধি অমান্য করে কোনো প্রকার প্রচার, প্রচারণা চালায়; কিংবা প্রদর্শন করে, তাহলে আপনারা (নির্বাচন কর্তৃপক্ষ) আমাকে অনুগ্রহপূর্বক অবগত করলে সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং চিরকৃতজ্ঞ থাকব। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, মেয়র প্রার্থী জায়েদা খাতুনের লিখিত জবাব পেয়েছি।
