ভোট দিয়ে যা বললেন এরদোয়ান

আপডেট : ১৪ মে ২০২৩, ০৫:৩৪ পিএম

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘কোনো সমস্যা ছাড়াই তুরস্কজুড়ে ভোটগ্রহণ চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের লোকেরা তাদের ভোট দিতে সক্ষম হয়েছে’।

রবিবার (১৪ মে) ইস্তাবুলের উসকুদার এলাকায় ভোটদান শেষে তিনি এ কথা বলেন। একই কেন্দ্রে ভোট প্রদান করেন এরদোয়ানের স্ত্রী এমিনি। প্রেসিডেন্ট ভোটকেন্দ্রে আসার আগে থেকেই ওই কেন্দ্রে হাজার হাজার সমর্থক উপস্থিত হন। বিভিন্ন স্লোগানে কেন্দ্র মুখরিত করে তোলেন তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার শক্তিশালী প্রতিপক্ষ বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিকদারোগ্লু।

ভোটদান শেষে এরদোয়ান আরও বলেন, ‘তুরস্কে গণতন্ত্রের শক্তি প্রদর্শনের জন্য ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। সৃষ্টা চাইলে এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি শান্ত দিন হবে’।

যা বললেন কামাল কিলিকদারোগ্লু

এদিকে আঙ্কারায় ভোট প্রদান করেছেন কামাল কিলিকদারোগ্লু ও তার স্ত্রী সেলভি কিলিকদারোগ্লু। বিরোধী ছয় দলের সমন্বয়ে গড়া জোট ‘টেবিল এ্যান্ড সিক্সের’ প্রধান মুখ কামাল কিলিকদারোগ্লু।

ভোটদান শেষে তিনি বলেন, ‘আমরা সবাই গণতন্ত্র মিস করেছি। আজকের পর এদেশে বসন্ত আসবে আর বসন্ত চিরকাল চলবে’।

আল জাজিরা জানিয়েছে, তুরস্কে এবার ৬ কোটিরও বেশি মানুষ ভোট দিচ্ছে। আর অন্য দেশে বসবাসকারী প্রায় ১৮ লাখ তুর্কি নাগরিক ইতোমধ্যে ৭৩টি দেশে বা সীমান্ত গেটে তাদের ভোট দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত