নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ২ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে কয়েকটি লঞ্চ মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে এবং একটি চন্ডিপুর, নড়িয়ার পথে ছেড়ে গেছে।
জানা যায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ১২ মে সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরপর ১৩ ও ১৪ মে ঘাটে আসা যাত্রীদের ফেরত পাঠানো হয়।
চাঁদপুর, মুন্সীগঞ্জ, রামচন্দ্রপুর, নড়িয়া ও মতলব রোডে নারায়ণগঞ্জ থেকে ৪৪ টিরও বেশি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, ১২ মে সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ১৫ মে দুপুর থেকে পুনরায় চালু করা হয়েছে। তবে, যাত্রী কম থাকায় সময় মতো লঞ্চ ছাড়তে পারছে না লঞ্চ চালকরা।
