দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মুনাফা কমে গেছে। চলতি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশের বেশি কমে গেছে। সুদ পরিশোধ, পরিচালন ব্যয় ও বিনিয়োগ মূল্য কমে যাওয়ার বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা সংকুচিত হয়েছে। আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।
পর্যালোচনায় দেখা গেছে, চলতি প্রথম প্রান্তিকে বিতরণকৃত ঋণে আইডিএলসি ফাইন্যান্সের সুদ আয় বাড়লেও ধার ও আমানতের বিপরীতে বেশি পরিমাণে সুদ ব্যয় করতে হয়েছে। এ সময় ঋণ বিতরণ থেকে সুদ আয় হয়েছে ২৯৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭ শতাংশ বেশি। তবে একই সময়ে আমানত ও ধারের বিপরীতে প্রতিষ্ঠানটিকে ১৭২ কোটি ৮৬ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। চলতি প্রথম প্রান্তিকে নিট সুদ আয় হয়েছে ১২৬ কোটি ৩২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৯ কোটি ৭৪ লাখ টাকা। এ সময়ে সুদ আয় কমেছে ৯ দশমিক ৬ শতাংশ।
শুধু সুদ আয় নয়, চলতি প্রথম প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানটির বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ, ব্রোকারেজ ও অন্যান্য আয়ও কমেছে। এ সময় এসব খাত থেকে আয় হয়েছে ২৮ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ কম। প্রতিষ্ঠানটির আয়ের খাতগুলো কমলেও সব খাতেই ব্যয় বেড়েছে।
চলতি প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের পরিচালন ব্যয় বেড়েছে ১০ শতাংশের বেশি। এ সময় পরিচালন ব্যয় হয়েছে ৭৪ কোটি ১২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ কোটি ১৭ লাখ টাকা। মূলত কর্মীদের বেতন-ভাতা, প্রকাশনা, স্টেশনারি ও বিজ্ঞাপন ব্যয় বেড়েছে। পরিচালন ব্যয় সমন্বয়ের পর চলতি প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের সঞ্চিতিপূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৮১ কোটি ১৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০৯ কোটি ৮৪ লাখ টাকা।
পর্যালোচনায় দেখা যায়, চলতি প্রথম প্রান্তিকে ঋণ ও বিনিয়োগের বিপরীতে আইডিএলসি ফাইন্যান্সকে ৩৫ কোটি ১৬ লাখ টাকা সঞ্চিতি হিসেবে সংরক্ষণ করতে হয়েছে। আগের বছরের একই সময়ে সঞ্চিতি সংরক্ষণের পরিমাণ ছিল ২৮ কোটি টাকা। চলতি প্রথম প্রান্তিকে সুনির্দিষ্ট সঞ্চিতি রাখতে হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এ খাতে সঞ্চিতি ছিল ১১ কোটি ৯৬ লাখ টাকা।
সঞ্চিতি সংরক্ষণের পর চলতি প্রথম প্রান্তিকে করপূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮১ কোটি ৮৩ লাখ টাকা। আর কর পরিশোধের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের প্রথম প্রান্তিকে ছিল ৪৮ কোটি ২৭ লাখ টাকা।
