৩ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পাচ্ছে বিএইচবিএফসি

আপডেট : ১৬ মে ২০২৩, ০১:২১ এএম

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সৌদি আরবের জেদ্দাভিত্তিক এ সংস্থাটি বিএইচবিএফসির র্যুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্টে (আরপিএইচএফপি) এ ঋণ সহায়তা প্রদান করবে। গত ১০ থেকে ১৩ মে জেদ্দায় অনুষ্ঠিত সংস্থাটির ২০২৩ সালের বার্ষিক সভায় ২৭০ দশমিক ৫৭  মিলিয়ন ইউরো বা প্রায় ৩ হাজার কোটি টাকার এ ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), অর্থ বিভাগ (এফডি) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রত্যক্ষ সহযোগিতায় করপোরেশনের এ প্রকল্পটিতে আইএসডিবির এ ঋণ সহায়তা অনুমোদন লাভ করে। এর আগে একই প্রকল্পে সংস্থাটি প্রথম পর্যায়ে প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করে এবং এর সফল ও সন্তোষজনক বাস্তবায়নের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে এ ঋণ অনুমোদন করা হলো।

বাংলাদেশের পল্লী ও পেরি-আরবান এলাকায় প্রয়োজনীয় মৌলিক সুবিধাসংবলিত টেকসই ও উন্নত মানের প্রায় দুই হাজার গৃহ ইউনিট বিনির্মাণে এ ঋণ সহায়তা প্রদান করা হবে। দেশের এসব এলাকার স্বল্প ও মধ্যম আয়ের ৭০ হাজারেরও বেশি মানুষ এসব গৃহ ইউনিটে বসবাসের প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে। ভূমির কাক্সিক্ষত ব্যবহার এবং চাষযোগ্য জমি রক্ষাসহ জলবায়ুসহিষ্ণু ও পরিবেশবান্ধব গৃহনির্মাণেও প্রত্যক্ষ ভূমিকা রাখবে এ প্রকল্প।

ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ আইটিএফসির (আন্তর্জাতিক ইসলামী ট্রেড ফাইন্যান্স করপোরেশন) লার্জেস্ট ফিন্যান্সিং পার্টনার পুরস্কারের সম্মান লাভ করেছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ইসলামী উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত