যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের চেকপোস্টের সামনে থেকে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ এক যাত্রীকে আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আবদুস সবুর। তার বাড়ি সাতক্ষীরার চিংড়াখালী গ্রামে।
বিজিবি জানায়, ভারত থেকে এক যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে এসে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন চেকপোস্টের সামনে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আবদুস সবুর নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় তাকে আটক করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন বলেন, উদ্ধার করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালোবাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো। এ ঘটনায় মামলা করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
