দেশকে বিদেশি রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার: নুরুল হক

আপডেট : ১৯ মে ২০২৩, ১১:০২ পিএম

বর্তমান সরকার ক্ষমতায় থাকতে দেশকে বিদেশি রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চ থেকে বের হওয়ার পর আজ শুক্রবার প্রথম কোন কর্মসূচি পালন করে দলটি। তবে কর্মসূচিতে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া অনুপস্থিত ছিলেন। দলের নেতারা জানিয়েছেন, অসুস্থ থাকায় রেজা কিবরিয়া সমাবেশে আসতে পারেননি।

নাইজেরিয়া ও নিকারাগুয়ায় ভোট ডাকাতিতে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, আগামী নির্বাচনের আগে বর্তমান সরকারের পতন না ঘটাতে পারলে নতুন নতুন বিধিনিষেধ আসবে।

তিনি দাবি করেন, এই সরকারের লোকজন শেয়ারবাজার খেয়েছে, ব্যাংক, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বিদ্যুৎ খাত খেয়ে ফেলেছে। সরকারি দলের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে। জনগণের টাকায় বেতন পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের লোকজন জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন এবার হবে না। শুধু নির্বাচন বর্জন নয়, প্রতিহত করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, সোহরাব হোসেন, আবু হানিফ, জিশান মহসীন, বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত