বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকার আবারও গায়েবি মামলা শুরু করেছে। তারা বাকশাল কায়েম করতে চায়। আমরা তা হতে দেব না।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনের সড়কে শুক্রবার বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘বিগত ১৪ বছর ধরে নির্যাতন করেও তারা বিএনপিকে দমাতে পারেনি। জনগণ বিএনপির পক্ষে আছে। এই সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতির টাকায় কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে। আমেরিকায় বাড়ি করেছে। তারা সবাইকে অন্ধকারে রেখে, অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্টেট ডিপার্টমেন্টের একজন পিয়নের সঙ্গেও দেখা করতে পারেননি শেখ হাসিনা।’
