ফারুকের শূন্য আসন নিয়ে বিতর্ক, বাপ্পারাজের ‘অফ যান’

আপডেট : ২১ মে ২০২৩, ০৭:২২ পিএম

সদ্য প্রয়াত হওয়া চিত্রনায়ক ফারুকের শূন্য আসন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নায়কের মৃত্যুতে ঢাকা-১৭ আসনের সংসদীয় আসন শূন্য হয়েছে। ফলে ফারুকের স্থলে অনেকেই তৎপরতা শুরু করেছেন।

যদিও এই আসনে নির্বাচন করার ইচ্ছা অনেক আগে থেকেই প্রকাশ করে আসছিলেন অভিনেতা সিদ্দিক। তবে এরইমধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে। ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন আলমগীরের নাম।

তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তিনি এক ফেসবুক পোস্টে জানান, সদ্যঃপ্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই।

বাপ্পারাজ বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’

ফারুক ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকার গুলশান এলাকার সংসদ সদস্য হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত