মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা সাংবাদিকের

আপডেট : ২৩ মে ২০২৩, ১২:১৩ এএম

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে গত রবিবার বিকেলে মামলাটি দায়ের করেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন। পরে বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল ইসলাম কাকন।

অভিযুক্ত পৌর মেয়র লোকমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাব্বির হোসেন সাগর, সায়েক আহাম্মেদ, গোলাম কিবরিয়া ও নাইম আহাম্মেদ শুভ।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা ফেসবুকে বাদীর বিরুদ্ধে অশ্লীল ও ভিত্তিহীন কথা লিখে পোস্ট দিয়েছেন। পাশাপাশি সেই লেখা শেয়ার করায় বাদীর সম্মান ক্ষুণœ হয়েছে।

মামলার বাদী লিমন দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টুডের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি বলেন, সম্প্রতি পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া জালজালিয়াতি করে ওয়ারিশ সনদ দিয়ে এক সংখ্যালঘু নারীর জমি দখল করে নেয়। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ ছাড়া চলতি এসএসসি পরীক্ষায় উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর মেয়েকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়েও গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলে মেয়র লোকমান ক্ষুব্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত