দেশে তাপমাত্রার বৃদ্ধি কমাতে বায়ুদূষণ কমানো জরুরি। অথচ এ ক্ষেত্রে সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত বায়ুদূষণ কমাতে পদক্ষেপ না নিলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। গতকাল সোমবার ঢাকায় বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) উদ্যোগে ‘বায়ুদূষণ কমাতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে’ মানববন্ধনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের শিক্ষক ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
মানববন্ধনে বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৪ দফা সুপারিশ করা হয়। এর মধ্যে অবৈধ ইটভাটাগুলো বন্ধ, আগুনে পোড়ানো ইটের বিকল্প হিসেবে স্যান্ড ব্লকের ব্যবহার বৃদ্ধি; ব্যক্তিগত গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা, নির্মাণকাজের সময় নির্মাণ স্থান ঘেরাও দিয়ে রাখা, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর পরিমাণে গাছ লাগানো অন্যতম।
