শান্তি মিশনে আত্মত্যাগ

‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন পাঁচ শান্তিরক্ষী

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩২ এএম

বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশি শান্তিরক্ষীকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাছ থেকে এ পদক গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

সম্মাননা অনুষ্ঠানে ২০২২ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় ৩৯টি দেশের নিহত ১০৩ শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য এ পদক দেওয়া হয়। খবর বাসস।

বাংলাদেশের পাঁচ জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীর মধ্যে সার্জেন্ট মোহাম্মদ মনজুর রহমান আবেইতে (সুদান ও দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা) ইউনিসফা মিশনে, ল্যান্স করপোরাল কফিল মজুমদার দক্ষিণ সুদানের আনমিস মিশনে, তিন সৈনিক মোহাম্মদ শরিফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ জসীম উদ্দীন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মিনুসকা মিশনে কর্তব্যরত ছিলেন।

আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের পক্ষে পদক গ্রহণের পর এই অনুষ্ঠানের অংশ হিসেবে সাধারণ পরিষদ হলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মুহিত। শোকবার্তায় তিনি শান্তিরক্ষায় জীবনদানকারী সব শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অপূরণীয় এই ক্ষতির জন্য তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ৭ হাজার ৫০০ শান্তিরক্ষী বিশে^র ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত ১৬৬ বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের নামে প্রবর্তিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত