ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় গত শুক্রবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুমন মিয়া মামলাটি করেন।
এজাহারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টারসহ ১০৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ। তিনি জানান, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে জিনজিরায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে সমাবেশ ও মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদসহ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সমাবেশ শেষে বের করা একটি বিক্ষোভ মিছিল কদমতলী গোলচত্বর এলাকায় এসে শেষ হয়।
