দুরন্ত বিপ্লবের রহস্যজনক মৃত্যু

বিকেলে সন্তান হত্যার বিচার চেয়ে রাতেই মারা গেলেন মা

আপডেট : ২৯ মে ২০২৩, ০৬:০০ এএম

‘এটা সত্য দুরন্ত বিপ্লব পানিতে ডুবে মারা যায় নাই। দুরন্তকে তার সার্কেলের লোকজন, যাদের সঙ্গে চলাফেরা করত, এদের মধ্যেই কারও স্বার্থে আঘাত লেগেছে, সে কারণে তাকে হত্যা করেছে। ও পানিতে ডুবে মরে নাই, এটা আমি কোনদিনও স্বীকার করব না। আর আমার হাহাকার তো আমার ভেতরেই থাকল।’

গত শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে এসব কথা বলছিলেন দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন। আর শনিবার মধ্যরাতে মৃত্যু হয়েছে এই মায়ের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের মৃত্যু অবহেলাজনিত নয় হত্যাকাণ্ড বলে দাবি করে পরিবারে পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত শনিবার রাত পৌনে ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব।

স্ট্যাটাসে তিনি জানান, ‘আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন একটু আগে। ছেলে হারানোর শোক আর সহ্য করতে পারেন নাই। ছেলের দেখা পাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠেছিলেন। এত রাতে কাকে জানাব? তাই এইখানেই জানালাম।’

গতকাল রবিবার সকালে আরেক স্ট্যাটাসে তিনি জানান, ‘আম্মার জানাজা আজ (গতকাল রবিবার) বাদ জোহর জাপান গার্ডের সিটির কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।’

দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে তদন্তের অসঙ্গতি এবং অমীমাংসিত প্রশ্নগুলো সামনে রেখে একটি বই সংকলন করেছেন তার বোন শাশ্বতী বিপ্লব। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে সংকলনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুরন্ত বিপ্লবের মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত