উত্তরাঞ্চলের অন্যতম শিল্প ও বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হালকা প্রকৌশল শিল্প থেকে বছরে ৩০০ কোটি টাকা আয় হচ্ছে। হালকা প্রকৌশল শিল্পে স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন ৫০০টিরও বেশি কারখানায় লাখ মানুষের কর্মসংস্থানও হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) যৌথ উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা।
সংশ্লিষ্ট সূত্র মতে উত্তরাঞ্চলের অন্যতম শিল্প ও বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে হালকা প্রকৌশল শিল্প থেকে বছরে ৩০০ কোটি টাকা আয় হচ্ছে। এ শিল্প দেখাচ্ছে সমৃদ্ধি ও সম্ভাবনার স্বপ্ন। হালকা প্রকৌশল শিল্পে স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর থেকে সৈয়দপুরে তৈরি হতে থাকে সেমিঅটো ফ্লাওয়ার (ময়দা) কারখানার যন্ত্রাংশ। এ সব যন্ত্র সারা দেশেই সরবরাহ করা হয়েছে। সৈয়দপুরে রয়েছে ৫০০টির বেশি হালকা প্রকৌশল কারখানা।
চারদিনব্যাপী এই মেলায় নীলফামারীর সৈয়দপুর ছাড়াও ঢাকা, গাজীপুর, বগুড়া, পঞ্চগড়ের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ৮০টি স্টল স্থান পেয়েছে। এ সব স্টলে স্থানীয়ভাবে তৈরি পাটকলের যন্ত্রাংশ, ময়দা ও অটোরাইস মিলের যন্ত্রাংশসহ শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে।
