বিডি ক্লিনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম

জন্মদিনে তিন লাখ গাছ লাগিয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

শনিবার (৩ জুন) ‘জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কেটে নয়, বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়’ এ স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। সংগঠনটির জন্মদিনে প্রত্যেক সদস্য ৭টি করে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন। গাছগুলো হচ্ছে—কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল। সদস্যরা এ গাছগুলো থেকে যে কোনো ৭টি গাছ বেছে নিয়ে রোপণ করেছেন।

বিডি ক্লিনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা জানান, গাছ রোপণের উপযুক্ত জায়গা সদস্যদের নিজেদেরকেই নির্বাচন করতে হয়েছে। এ ছাড়া রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও তাদেরই করতে হবে। শুধু তাই নয়, সেই পরিচর্যার হালনাগাদের ছবি তুলে প্রতি মাসের ৩ তারিখ সন্ধ্যার মধ্যে আবার নিজ নিজ ফেসবুক থেকে আপলোড করতে হবে।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয় এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রত্যেকেই ৭টি করে গাছের চারা রোপণ করেছি।

২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত