সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ। নিয়মানুযায়ী, ন্যাটোতে নতুন সদস্যভুক্তির জন্য প্রত্যেক সদস্য দেশের সম্মতির দরকার হয়। আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদানের সঙ্গে গত রবিবার ইস্তাম্বুলে সাক্ষাৎ করেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। বৈঠকের পর ন্যাটো মহাসচিব বলেন, সুইডেন সদস্যপদ পেলে তারা নিরাপদে থাকবে। একই সঙ্গে এর মাধ্যমে ন্যাটো ও তুরস্ক আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব (ন্যাটোতে) সুইডেনের যোগদান চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডকে ছাড়পত্র দেয় তুরস্ক। দেশটি এপ্রিলে ন্যাটোর ৩১তম দেশ হিসেবে যোগ দেয়।
×
