ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্টের জেরে রাজধানীর মিরপুরে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় করা মামলা দুটিতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, কাফরুল থানার এসআই মো. আনিছুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ মামলার আসামি মো. সোহেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। একই থানার এসআই সাদ্দাম হোসেন ফয়েজ বাদী হয়ে আরেকটি মামলা করেন। ওই মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোহেল পুলিশ হেফাজতে রয়েছেন। আর ধর্মীয় উসকানির অভিযোগ তুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো মতাদর্শ কাজ করেছে কি না, তাও খতিয়ে দেখা হবে।’
এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছেন এমন খবরকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় মিরপুর-১৩ নম্বরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
