মাহির মুগ্ধতা

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৩৭ এএম

ঈদের কাজের ব্যস্ততা শেষে কিছুটা সময় নিজের মতো কাটাতে ছুটে গিয়েছিলেন লন্ডনে অভিনেত্রী সামিরা খান মাহি। ২০ দিন পর দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের শুটিংয়ে। সামনেই কোরবানির ঈদ, তাই ব্যস্ততার শেষ নেই। টানা শুটিং করবেন ঈদের আগের দিন পর্যন্ত। ২৭ মে থেকে শুরু করেছেন ইমরাউল রাফাতের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক দিয়ে। এতে মাহির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। শেষ করবেন তুহিন হোসেনের ‘রাতের রানি-২’ নাটক দিয়ে।

শুটিং ব্যস্ততা নিয়ে মাহি বলেন, ‘দেশে ফিরেই শুটিং শুরু করেছি। দুই ঈদে অনেক নাটক নির্মাণ হয়। সবাইকে টানা কাজ করতে হয়। ঈদের পর লন্ডন যাওয়ার কারণে বেশ কিছু দিন শুটিং করতে পারিনি। ঈদেরও বেশি সময় বাকি নেই, তাই বিরতিহীনভাবে ঈদের আগের দিন পর্যন্ত শিডিউল দিয়েছি।’

আসছে কোরবানির ঈদে ১০টির বেশি নাটকে অভিনয় করবেন বলে জানান মাহি। এদিকে লন্ডন সফর নিয়ে মাহি বলেন, ‘লন্ডন গিয়েছিলাম বেড়াতে। সেখানে আমার ভাই থাকে। তার সঙ্গে ঘুরে বেড়িয়েছি। বিবিসিতে গিয়েছিলাম। সেখানে ইন্টারভিউ দিয়েছি। এটা ছিল স্বপ্ন পূরণের মতো। ছোটবেলা থেকেই বিবিসির নাম শুনে বড় হয়েছি। সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়া আমার জন্য অনেক গর্বের। এ ছাড়া লন্ডনের কিছু কাজের ব্যাপারেও কথা হয়েছে। আবার যেতে হবে সেখানে। কাজের পরিকল্পনা চূড়ান্ত হলেই সবাইকে জানাব।’

নাটকের পাশাপাশি সম্প্রতি ওটিটিতে যাত্রা শুরু করেছেন মাহি।  চরকিতে মুক্তি পাওয়া ‘ওভার ট্রাম্প’ দিয়ে প্রথমবারের মতো ওয়েবে অভিনয় করলেন।

এ প্রসঙ্গে মাহি জানান, যারাই দেখেছে, আমার অভিনয়ের প্রশংসা করেছে। চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, একটু উনিশ-বিশ হলেই ভালগার লাগত। যাদের সঙ্গে আমার কখনো কাজও হয়নি, তারাও ইতিবাচক কথা বলেছে। সব মিলিয়ে বলব, অসাধারণ অভিজ্ঞতা। নাটকে তো আমরা দুই দিন আগে চিত্রনাট্য পাই। কিন্তু এই ওয়েব সিরিজে কাজের আগে প্রপারলি চিত্রনাট্য পাওয়া, মহড়া, অভিনয় নিয়ে আলোচনা আমাকে মুগ্ধ করে। আমি এই কাজটা করে অনেক অনুপ্রাণিত হয়েছি।

চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে মাহি জানালেন, বাংলাদেশে কেউ সিনেমায় অভিনয় শুরু করলে নাটকে অভিনয় আর করেন না সাধারণত। একটা সিনেমার অফার পেলাম, আর চলে গেলাম, পরে আর কিছুই ভাবলাম না। ফিন্যান্সিয়াল ব্যাপারটাও তো দেখতে হবে। আমি আগে চাকরি করতাম, অভিনয়ের কারণে চাকরি ছেড়ে দিয়েছি। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হলেই সিনেমায় কাজ শুরু করব। কারণ, সিনেমা একবার শুরু করলে আর ফিরে আসব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত