সেতু-কালভার্ট ভেঙে রড চুরি করায় ঠিকাদার কারাগারে

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:২৬ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি সেতু-কালভার্ট ভেঙে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে জেলার পানছড়ি উপজেলায় পরিত্যক্ত তিনটি সরকারি সেতু ও কালভার্ট ভেঙে রড চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি ছাড়াও খাগড়াছড়ি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই মামলা করেন। ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ তিনজনের জবানবন্দিতে ঠিকাদার উত্তম কুমারের নাম আসে। এরই পরিপ্রেক্ষিতে উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের আগাম জামিন নেন। সে অনুযায়ী গতকাল খাগড়াছড়ির আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠায়।

উত্তম দেবের আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘এজাহারে উত্তম দেবের নাম ছিল না। হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত