নদীতে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:৪৪ এএম

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মীর মশাররফ হোসেন সেতুসংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে। এ সময় আরও ‍দুই শিক্ষার্থী পানিতে তালিয়ে যান। পরে তারা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। 

নিখোঁজ তানভীর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর দুই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসে করে এসে মীর মশাররফ হোসেন সেতুর নিচে গোসল করতে নামেন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। এ সময় দুজন একে অপরকে ধরে ওপরে উঠতে পারলেও তানভীর তলিয়ে যান।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, পানিতে ডুবে শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এবং খুলনার ডুবুরি দল যৌথভাবে উদ্ধারকাজ করলেও গতকাল রাত ৮টা পর্যন্ত তানভীরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত