ঢাকার সাভারে ঋণের কিস্তির টাকা চাওয়ায় রেজাউল করিম (৫০) নামে এক এনজিও কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। গত বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে রেজাউল করিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহিন আলী (২২) নামে এক পোশাককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, নিহত রেজাউল করিম বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মী। তিনি পাবনা জেলার ভাঙ্গুরিয়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। গ্রেপ্তার শাহিন আলী রাজশাহী জেলার চরঘাট থানার অনুপমপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে। তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি বলেন, বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান রেজাউল করিম। সে সময় তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে রেজাউলকে মারধর করেন শাহিন। মারধরের এক পর্যায়ে মারা যান রেজাউল। পরে শাহিন লাশটি বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন এবং রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন। পুলিশের ওই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যা ও টাকা লুটের কথা স্বীকার করেছেন শাহিন আলী। এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
