আইনজীবীকে থাপ্পড় মারার অভিযোগ ওঠা পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরের অপসারণ দাবি করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)। গতকাল শুক্রবার ইউএলএফ কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং কো-কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এক যুক্ত বিবৃতিতে ময়মনসিংহের ওই ঘটনায় তীব্র ক্ষোভ ও ধিক্কার জানান।
ফ্রন্টের সমন্বয়কারী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের বেআইনি, সভ্যতাবিবর্জিত এবং পেশিশক্তির নগ্ন বহিঃপ্রকাশের নিন্দা জানানোর ভাষা জানা নেই। আইনজীবীদের এ মোর্চা অ্যাডভোকেট আশিকুর রহমানের প্রতি গভীর সহমর্মিতা এবং ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সব বক্তব্য ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’
