স্বপ্নে ডাকাতদের মারতে গিয়ে নিজেকেই গুলি!

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:৪৩ পিএম

গভীর ঘুমে মগ্ন ছিলেন ৬২ বছর বয়সী মার্কিন নাগরিক মার্ক ডিকারা। কিন্তু স্বপ্নের জগতে বিচরণ করতে করতে ঘটিয়ে ফেললেন কেলেঙ্কারি কাণ্ড। স্বপ্নে ডাকাতদের মারতে গিয়ে নিজেকেই গুলি করলেন তিনি। আর সেই গুলি সোজা গিয়ে লাগল তার পায়ে।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস প্রদেশের বাসিন্দা মার্ক। বর্তমানে পায়ে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশকে তিনি জানান, ঘুমের ঘোরে একটি স্বপ্ন দেখছিলেন। তাতে দেখতে পান, এক দল দুষ্কৃতী রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে পড়েছে। তারা বাড়ির জিনিসপত্র সব লুঠ করছে। এই ডাকাত দলের উদ্দেশেই গুলি চালান তিনি। মার্ক মাথার পাশে ম্যাগনাম পিস্তল নিয়ে ঘুমাতে গিয়েছিলেন।

গুলির শব্দে ঘুম ভাঙে তার। সঙ্গে অনুভব করেন তীব্র যন্ত্রণা। দেখতে পান, রক্তে ভেসে যাচ্ছে তার অন্ধকার ঘর। কোথাও কোনও ডাকাত নেই। ঠিক আছে বাড়ির জিনিসপত্রও। ঘুমের ঘোরে নিজেই নিজের পায়ে গুলি করেছেন, বুঝতে পারেন মার্ক। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

মার্ক বলেন, তার গুলিতে অন্য কেউ আহত হয়নি এটাই অনেক। তার পিস্তলের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া অচেতনভাবে গুলি চালিয়ে ‘অন্যের জীবন’ বিপন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলাও করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে নাগরিকরা আত্মরক্ষার্থে নিজেদের কাছে পিস্তল রাখতে পারেন। সেখানে ঘরে ঘরে পিস্তল দেখা যায়। তাই গুলিতে আহত বা মৃত্যুর ঘটনাও বেশি ঘটে যুক্তরাষ্ট্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত