প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২৬২ কোটি ৫০ লাখ টাকার নন-কনভার্টেবল প্রাণ অ্যাগ্রো বন্ড-২-এর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল সোমবার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের গ্যারান্টিযুক্ত, অনিরাপদ, হস্তান্তরযোগ্য, রিডিমেবল এবং অরূপান্তরিত প্রাণ অ্যাগ্রো বন্ড-২-এর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২৬২ কোটি ৫০ লাখ টাকার এ বন্ডের কুপন রেট ৮ দশমিক ৮৮ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের অফিস ও কারখানা ভবন, যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ঋণ পুনঃ অর্থায়ন খাতে ব্যয় করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে রিভারস্টন ক্যাপিটাল লিমিটেড কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
