আরও একবার স্বপ্ন ভাঙল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার। শিরোপার কাছে গিয়ে ফিরতে হলো খালি হাতে। রবিবার রাতে ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে স্পেন। গত আসরে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্প্যানিশরা। রবিবারের সাফল্য ২০১২-এর ইউরোর পর প্রথম কোনো ট্রফি এনে দিল তাদের।
অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায়। পরে মরক্কোকে হারিয়ে তৃতীয় হয় মদ্রিচের দল। এবার হারল নেশন্স লিগে। গেল পাঁচ বছরের মধ্যে দুবার টুর্নামেন্টের ফাইনাল হারল ক্রোয়াটরা। এটাই কি তাহলে শেষ ম্যাচ হয়ে রইল ৩৭ বছর বয়সী মদ্রিচের? নিজের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেও সেটি এখনই জানাবেন না তিনি।
ফাইনালের আগে ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ইউতারনি লিস্ট জানিয়েছিল, ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন মদ্রিচ। তবে ম্যাচ শেষে স্টেডিয়ামের মিক্সড জোনে মদ্রিচ বলেন, ‘সিদ্ধান্তটা আমি চূড়ান্ত করেছি। কিন্তু এ বিষয়ে এখনই কিছু বলব না।’ দেশটির একমাত্র ব্যালন ডি’অরজয়ী ফুটবলার মদ্রিচ। ক্রোয়েশিয়া কোচ দালিচ চাইছেন মদ্রিচ আরও খেলুক দেশের হয়ে। তবে মদ্রিচই তার সিদ্ধান্ত জানাবেন।
রটারডামে রবিবার ১২০ মিনিটের লড়াই গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন। দুই দলই প্রথম তিন শটে জালের দেখা পায়। ক্রোয়েশিয়ার চতুর্থ শট নিতে এসে ব্যর্থ হন লভরো মাইয়ের, স্প্যানিশ গোলকিপার সিমোন পা দিয়ে আটকান। এরপর মার্কো আসেনসিও জালে বল পাঠালে এগিয়ে যায় স্পেন। ক্রোয়েশিয়ার পঞ্চম শট নেওয়া ইভান পেরিসিচ সফল হলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪, কিন্তু লাপোর্তে স্পেনের পঞ্চম শটটি ক্রসবারে মারেন। ফলে ৫ শট শেষে ৪-৪ সমতা। ক্রোয়াটদের হয়ে ষষ্ঠ শটটি নেন পেটকোভিচ। ডান দিকে ঝাঁপিয়ে তা ঠেকান সিমোন। এরপর দানি কারভাহাল লক্ষ্যভেদ করলে উল্লাসে মাতে স্পেন।
