ভোট দিলেন আ.লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান

আপডেট : ২১ জুন ২০২৩, ০৮:৩৭ এএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন।

বুধবার (২১ জুন) সকাল ৮টা ২০ মিনিটে ৮ নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। পরে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন।

প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন আনোয়ারুজ্জামান। কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা, মো. শাহ জাহান মিয়া, মো. ছালাহ উদ্দিন এবং মো. আবদুল হানিফ।

এছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত