বিরোধীদল অংশগ্রহণ করলে ভোট উৎসবমুখর হতো: খায়রুজ্জামান লিটন

আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:৩৯ এএম

বিএনপিসহ অন্যান্য বিরোধীদল অংশগ্রহণ করলে ভোট উৎসবমুখর হতো বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) ৯টা ১০ মিনিটে নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী শাহীন আকতার রেণী, দুই কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা জামান শ্রেয়া।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল বলে মন্তব্য করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল। এর ফলে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। আমরাও বুঝতে পারতাম। এ নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো। না এলে কিছু করার নেই। এরপরও বিএনপি ও জামায়াতের কাউন্সিলর প্রার্থী আছে। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন।

তিনি বলেন, জামায়াত ও বিএনপির ভোটার আছেন। তাদের ভোটগুলো কোথায় যাবে, সেটা জানি না। তবে উন্নয়নের দিকে তাকিয়ে হলেও তাদের নৌকায় ভোট দেওয়া উচিত। ভোটকেন্দ্রে উপস্থিতিও ভালো হবে। আশা করছি ৬০ শতাংশেরও ওপরে ভোট পড়বে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।

এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত