সিটি নির্বাচন

রাজশাহীতে লিটনের হ্যাটট্রিক জয়

আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।

লিটন ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে ১৫৫টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন জানান, এছাড়া, জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

রাজশাহী সিটি নির্বাচনের মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ ও নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯।

এ নিয়ে তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান। ২০০৮ সালে প্রথমবার মেয়র পদে জয়লাভ করেন খায়রুজ্জামান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হন তিনি। এর মধ্যে ২০১৩ সালে বিএনপির মোসাদ্দেক হোসেনের কাছে হেরেছিলেন খায়রুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত