বিদেশি বিনিয়োগকারীদের হিসাবে ডলার রাখার সুযোগ

আপডেট : ২২ জুন ২০২৩, ১২:০০ এএম

বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) দেশে আনার জন্য নির্ধারিত বিদেশি মুদ্রার (এফসি) হিসাবে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর এডি শাখায় পাঠানো হয়েছে।

আগের নিয়মে অস্থায়ী এফসি হিসাবে বিদেশ থেকে ডলার আসার পর তা টাকায় নগদায়ন করতে হতো। কেউ ইচ্ছা করলেও কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে এসব হিসাবে ডলার রাখতে পারতেন না। তবে নতুন নির্দেশনা অনুযায়ী বৈদেশিক মুদ্রা আয়ের পর সংশ্লিষ্ট এফসিগুলো ডলার রাখা যাবে। টাকায় নগদায়ন করতে হবে না।

তবে প্রতিটি বিনিয়োগের বিপরীতে এক বছরমেয়াদি এফসি হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে। আর এসব হিসাবে জমা ডলার মূলধনী যন্ত্রাপাতি কেনার জন্য ব্যবহার করা যাবে। আগের নিয়মে মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিয়ে ডলার কিনতে হতো। নতুন নিয়মে হিসাবে ডলার থাকায় মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য ডলার সংকটের প্রভাব পড়বে না সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এতদিন বিদেশি কোম্পানি দেশে বিনিয়োগের জন্য একটি অস্থায়ী এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল।

বাংলাদেশে বিনিয়োগের ওই এফসি অ্যাকাউন্টে ফরেন কারেন্সি আনা হতো। ব্যবসা শুরু করার সময় তা আবার টাকায় রূপান্তর করতে হতো। তাই এখন তাদের বৈদেশিক মুদ্রায় এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছি। সেখানে তারা ফরেন ক্যারেন্সি হোল্ড করতে পারবে। এক বছর ধরে ক্যাপিটাল এক্সপেনডিচার হিসেবে ব্যয় করতে পারবে। এমন সুযোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা আরও আগ্রহী হবেন এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত