ওসি পরিচয়ে টাকা দাবি প্রতারকদের

আপডেট : ২২ জুন ২০২৩, ১২:০৬ এএম

মোবাইল ফোনে ভুলে টাকা চলে গেছে দাবির পর মানিকগঞ্জের সাটুরিয়া থানার ওসি পরিচয় দিয়ে ওই টাকা ফেরতের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে।

গতকাল বুধবার সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক আবদুল বারেকের কাছে ০১৩০৪৫৫৭৪৭১ নম্বর থেকে একটি মেসেজ আসে। ওই মেসেজে উল্লেখ ছিল বারেকের নম্বরে ওই নম্বর থেকে ১৫ হাজার টাকা পাঠানো হয়েছে। কিন্তু মেসেজ এলেও বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা যোগ হয়নি। একপর্যায়ে তাকে সাটুরিয়া থানার ওসি পরিচয় দিয়ে গালাগাল করা হয়। এর আগে গত মঙ্গলবার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ঝর্ণা আক্তারকে একই নম্বর থেকে ওসির পরিচয়ে কল দিয়ে একই আচরণ করা হয়।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, একটি প্রতারক চক্র ওসির পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। যে নম্বর দিয়ে টাকা চায় সেটি ওসির নম্বর নয়। তাদের অচিরেই আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত