গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
খবর ইউএনবি।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থার কাছে ছবি আছে। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’
তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনো নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।
রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা প্রথম বিষয়টি লক্ষ্য করে।
তবে বুধবার নুরুল হক নুর সাংবাদিকদের কাছে এ অভিযোগ অস্বীকার করেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান।
তিনি দাবি করেন, তার পাসপোর্টে ভারতীয় ভিসা নেই, তিনি কখনো ভারত যাননি।