৭৪ পেরিয়ে গৌরবময় ৭৫ বছরে পা দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্লাটিনাম জুবিলি উপলক্ষে গতকাল শুক্রবার দেশ জুড়ে দিনভর নানা আনুষ্ঠানিকতা পালন করে দেশের বড় সব অর্জনের নায়ক দাবিদার উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির জেলা-উপজেলা পর্যায়ের সংগঠনগুলো। অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ : ভোরে শহরের এস এস রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া শহরে এক বিশাল শোভাযাত্রা বের হয়। এর আগে সমাবেশে সহসভাপতি আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।
পঞ্চগড় : সূর্যোদয় ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দুপুরে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়।
মাগুরা : নোমানী ময়দানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন সাংসদ ড. বীরেন শিকদার, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। পরে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী : সকালে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখ্য সচিব সেখ সাঈদ। অনুষ্ঠানে ২২০ জন বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
ভূঞাপুর (টাঙ্গাইল) : সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা পাল্টাপাল্টি আনন্দ মিছিল, কেক কাটা ও দোয়া মাহফিল করেছে। বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন ভূঞাপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। অন্যদিকে বিকেলে টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনিরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভা কার্যালয়ের সামনে উপস্থিত হন। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দৌলতপুর (মানিকগঞ্জ) : সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বিশাল র্যালি বের করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং কেক কাটায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়।
তালতলী (বরগুনা) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার।
